স্যামসাং নয়, ‘সামসুদ্দিন’ চার্জারে প্রতারণা; ঝুঁকিতে ক্রেতারা

স্টাফ রিপোর্টার: বাজারে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘সামসুদ্দিন’ নামে নিম্নমানের চার্জার বিক্রির অভিযোগ উঠেছে। নামের মিল থাকায় অনেক ক্রেতা আসল পণ্য মনে করে এসব চার্জার কিনে প্রতারণার শিকার হচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, বাহ্যিকভাবে আকর্ষণীয় ও পরিচিত ব্র্যান্ডের মতো দেখতে এসব চার্জার কম দামে বিক্রি করা হচ্ছে। তবে এগুলোর মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় ব্যবহারকারীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের চার্জার ব্যবহারে স্মার্টফোনের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই ক্রেতাদের অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে পণ্য কেনা এবং ব্র্যান্ডের নাম ও পণ্যের সত্যতা যাচাই করে কেনাকাটার পরামর্শ দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা এ ধরনের প্রতারণামূলক পণ্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন।