
স্টার্টআপ কোম্পানির কর অব্যাহতি ও প্রণোদনা সুবিধা নিশ্চিত করতে ‘স্টার্টআপ স্যান্ডবক্স’ নিবন্ধন ও কর পরিপালনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নির্দেশনা অনুযায়ী, আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে যাচাই-বাছাই শেষে নিবন্ধন সনদ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে।
এনবিআর চেয়ারম্যানের সই করা গত ২৮ অক্টোবরের এক নির্দেশনায় এসব তথ্য জানা গেছে। নির্দেশনা অনুযায়ী, স্যান্ডবক্স সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট স্টার্টআপকে এনবিআরে নিবন্ধিত হতে হবে। এ জন্য নির্ধারিত শর্ত পূরণ করে এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে।
নিবন্ধনের আবেদনের সঙ্গে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে পাওয়া ইনকরপোরেশন সার্টিফিকেট ও সংঘস্মারক (এমওএ) জমা দিতে হবে। পাশাপাশি স্টার্টআপের কার্যক্রমের বিস্তারিত বিবরণ দিতে হবে।
এ ছাড়া স্টার্টআপে ব্যবহৃত এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি), অ্যাকাউন্টিং সফটওয়্যার, মূল ডিজিটাল সিস্টেম অথবা হিসাবের খতিয়ানে আয়কর কর্তৃপক্ষকে পাঠযোগ্য বা ‘রিড অনলি’ প্রবেশাধিকার দেওয়ার সম্মতিপত্রও জমা দিতে হবে।
এনবিআর আবেদন পাওয়ার পর ৬০ দিনের মধ্যে তা যাচাই-বাছাই করে ‘স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধন সনদ’ ইস্যু করবে। এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না দেওয়া হলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়েছে বলে বিবেচিত হবে।
নির্দেশনায় নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। যেখানে উপযুক্ত কারণ দেখিয়ে এবং সংশ্লিষ্ট স্টার্টআপকে যুক্তিসংগত শুনানির সুযোগ দিয়ে এনবিআর নিবন্ধন বাতিলের সুযোগ রাখা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে অথবা আয়কর কর্তৃপক্ষকে ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকার দিতে বাধা সৃষ্টি করা হলে সংশ্লিষ্ট স্টার্টআপকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। নোটিশের জবাব দিতে ৬০ দিন সময় দেওয়া হবে। পরে স্টার্টআপের প্রতিনিধিকে শুনানির সুযোগ দিয়ে লিখিত আদেশের মাধ্যমে নিবন্ধন বাতিল করা যাবে।















