শিবচরে বিজয় টিভির প্রতিনিধিসহ তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে দুর্গাপূজামণ্ডপে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং পরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিজয় টেলিভিশনের শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব চৌধুরী জয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শিবচরে মাদারীপুর জেলা পরিষদের ডাকবাংলোয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় পূজামণ্ডপের কার্যক্রম এবং শিবচরের মা লক্ষ্মী জুয়েলার্সের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তেরও দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ অক্টোবর রাতে শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার এলাকার একটি দুর্গাপূজামণ্ডপে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে পেরে জনস্বার্থে সংবাদ সংগ্রহ করতে সেখানে যান অপূর্ব চৌধুরী জয় ও তাঁর দুই সহকর্মী।

অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছানোর পর পূজামণ্ডপের সভাপতি সুকুমার কর্মকারের ছেলে দুর্জয় কর্মকার তাঁদের ওপর চড়াও হন। এ সময় তিন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাতপ্রাপ্ত হন এবং তাঁদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। পরে তাঁরা সরকারি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

সংবাদ সম্মেলনে অপূর্ব চৌধুরী জয় বলেন, তাঁরা কোনো ব্যক্তিগত বিরোধের জেরে সেখানে যাননি; পেশাগত দায়িত্ব পালনের জন্যই ঘটনাস্থলে গিয়েছিলেন। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও লাঞ্ছনার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।