সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৪৫ কোটি টাকা তোলা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন গ্রাহকেরা। একই সময়ে ব্যাংকটিতে নতুন করে ২ হাজার ৭০০ কোটি টাকা আমানত জমা পড়েছে।

ব্যাংকটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক মোট ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। এর মধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহককে ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে আলোচ্য ২০ দিনে ব্যাংকটিতে নতুন করে ৩২ হাজার ৭৪টি হিসাব খোলা হয়েছে। এসব নতুন হিসাবে মোট ৩৭৮ কোটি টাকা জমা পড়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। বর্তমানে পাঁচ ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কার্যক্রম পরিচালনা করছে। একীভূত ব্যাংকটির মোট শাখা রয়েছে ৭৬১টি।

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত নির্দেশনা জারি করে। সেই নির্দেশনা অনুযায়ী, পাঁচটি সংকটগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু করে।

আবেদন গ্রহণের পর ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়।