
শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করার অভিযোগে পপুলার আইসক্রিম নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বন্দরখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে পপুলার আইসক্রিম নামের প্রতিষ্ঠানকে ১লাখ জরিমানা করা হয়।
এর আগে একই কারাখায় পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে ২০২৩ সালের ১৯ জুন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন খাবার স্যালাইন ও ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছিলেন মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে অনুমোদনহীন ২২৪ কার্টন খাবার স্যালাইন, বিএসটিআইয়ের অনুমোদনহীন তেঁতুলের চাটনি, ঝালমুড়ি, চিপস, নোংরা পরিবেশে তৈরি করা ৮ ড্রাম মটরভাজা, পণ্য বাজারজাতকরণের মোড়ক এবং স্যালাইন তৈরির নানা উপকরণ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করার অভিযোগে পপুলার আইসক্রিম নামের প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনের ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।















