জশনে জুলুসে ঢাকায় লাখো মানুষের ঢল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও আয়োজিত এ জশনে জুলুসে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা থেকে জশনে জুলুসটি শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আসাদ গেট ও কলেজ গেট হয়ে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। জুলুসে অংশগ্রহণকারীরা মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

জশনে জুলুস শেষে আয়োজিত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা মহানবী (দ.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবী (দ.) মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, ন্যায় ও কল্যাণের আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার মধ্যেই ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ নিহিত রয়েছে।

মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মাদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমেদ শাহ (মা.জি.আ.)।

অনুষ্ঠানের শেষপর্বে হুজুর কেবলা পীর আল্লামা সাবের শাহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়।