অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আঃ কাইয়ুম সরদারের

​মোঃ রুবেল মোড়ল,স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচর উপজেলার ভাণ্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জনগণের সেবা নিশ্চিত করা এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা আঃ কাইয়ুম সরদার।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভাণ্ডারীকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় আঃ কাইয়ুম সরদার দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সম্প্রতি এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি ইউনিয়নের সুশাসন প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ঘোষণা দেন।
​মতবিনিময় সভায় আঃ কাইয়ুম সরদার বলেন:
​একটি চক্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য এলাকায় নানা ধরনের অপকর্ম ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। আমি এই অসাধু চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে চাই।
​তিনি আরও উল্লেখ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাকে নির্বাচিত করলে ভাণ্ডারীকান্দি ইউনিয়নকে অপরাধ, মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবেন। একই সাথে ইউনিয়নের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

​এলাকার সাধারণ বাসিন্দাদের মতে, অবহেলিত ভাণ্ডারীকান্দি ইউনিয়নের সার্বিক পরিবর্তন ও অসাধু চক্রের অপকর্ম বন্ধে একজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। আঃ কাইয়ুম সরদারের এই সাহসী উদ্যোগ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।