শিবচরে নারীর উন্নয়ন ও মাদক নির্মূলের অঙ্গীকার দিয়ে বিউটি শাখাওয়াতের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা

মো:রুবেল আহমেদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নারী নেত্রী বিউটি শাখাওয়াত হোসেন। শুক্রবার (১০ জুলাই) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রার্থিতা ঘোষণা করেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিউটি শাখাওয়াত মোল্লা বলেন,
​”আমি ইতোমধ্যে পাঁচ্চর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শুনেছি। নানা দিক থেকে আমাদের সমাজ এখনো পিছিয়ে আছে, যার মধ্যে নারীদের পিছিয়ে থাকার চিত্রটি সবচেয়ে স্পষ্ট। আমি নির্বাচিত হলে প্রান্তিক পর্যায়ে নারী শিক্ষা নিশ্চিত করা ও নারীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলতে বিশেষ পদক্ষেপ নেব।”

​যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন,মাদক নির্মূলে জিরো টলারেন্স আমি। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বাঁচাতে আমরা দীর্ঘদিন ধরেই সচেতনতামূলক কাজ করে আসছি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো।

​ পাঁচ্চরের অনেক প্রান্তিক এলাকায় এখনো চলাচলের সুব্যবস্থা নেই, এমনকি মানুষের বাড়িতে ঢোকার রাস্তা পর্যন্ত নেই। রাস্তাঘাটের এই বেহাল দশা দূর করে টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা আমার অন্যতম প্রধান লক্ষ্য।

​সংবাদ সম্মেলনে বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিউটি শাখাওয়াতের এই প্রার্থীতাকে স্বাগত জানান। এদের মধ্যে উপস্থিত ছিলেন:শাখাওয়াত হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।
​মাহবুবুর রহমান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া পরিষদ এবং সাবেক সদস্য, পাঁচ্চর ইউনিয়ন বিএনপি।

​রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, শিবচর উপজেলা কৃষক দল।
​হারুন অর রশিদ, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, পাঁচ্চর ইউনিয়ন বিএনপি।

​সংবাদ সম্মেলনের শেষভাগে বিউটি শাখাওয়াত হোসেন পাঁচ্চর ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও একটি আধুনিক, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গঠনে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।