‘আমার নাম ভাঙিয়ে কোনো অপরাধী পার পাবে না’— এমপি হানজালা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, সম্প্রতি এক অভিযুক্ত ব্যক্তিকে ক্যামেরার সামনে এনে তাকে তাঁর লোক এবং তাঁর মাধ্যমে নির্বাচিত বলে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এক বিবৃতিতে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি অন্য জেলার বাসিন্দা এবং অল্প কিছুদিন আগে শিবচরে এসেছে। তিনি কখনোই তাঁর কর্মী বা সমর্থক ছিলেন না।

সংসদ সদস্য হানজালা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, “আমার নাম ভাঙিয়ে শিবচরের মাটিতে কোনো অপরাধী পার পাবে না।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্ত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের জন্য শিবচরবাসীসহ সবার প্রতি আহ্বান জানান।