
চলতি বছরের জুলাইয়ের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষার্থীদের গণিতের মৌলিক চারটি বিষয়— যোগ, বিয়োগ, গুণ ও ভাগ— ভালোভাবে রপ্ত করাতেও জোর দেয়া হয়েছে।
সম্প্রতি দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ লক্ষ্য নির্ধারণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
সচিবের নির্দেশনার পর ইতোমধ্যে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে জোরে পড়ে অনুশীলন করাতে হবে। পাশাপাশি গণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শতভাগ রিডিং ও গণিত দক্ষতা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এমনকি শিক্ষকদের বেতন বন্ধের কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।















