
মুন্সিগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ২০১ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করা হয়, যা দীর্ঘদিন ধরে দেশের জলাশয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত হয়ে আসছিল বলে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য আনুমানিক ২০১ কোটি টাকা।
অভিযানকালে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড আরও জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।















